১০ দফা দাবি বাস্তবায়ন না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত February 11, 2023
১০ দফা দাবি বাস্তবায়ন না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের অগণতান্ত্রিক ও গণবিরোধী কার্যকলাপ, ভয়াবহ দুর্নীতি ও লুটপাট, প্রশাসন সহ সর্বক্ষেত্রে দলীয়করণ, ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফলে গোটা দেশ বিপর্যস্ত। চাল, ডাল, তেল, আটা, ময়দা, লবন ও চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। বিদ্যুৎ, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম বারবার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ ঠিক মতো তিনবেলা খেতে পারছেনা-ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ডলারের অভাবে পণ্য আমদানি করা যাচ্ছে না। এ অবস্থায় দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি ১০ দফা দাবি নিয়ে আন্দোলন করছে। এই দাবি বিএনপির একার নয়-এই দাবি দেশের সাধারণ মানুষের। তাই এ ‘ফ্যাসিস্ট’ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দিতে হবে। ১০ দফা দাবি বাস্তবায়ন না করে বিএনপিকর্মীরা ঘরে ফিরে যাবে না।
শনিবার সদর উপজেলার টুকেরবাজার, দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ও সিলাম এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে নিত্য প্রয়োজনীয় ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ‘ফ্যাসিস্ট’ সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে পৃথক পৃথক পদযাত্রা কর্মসূচিতে যোগদানকালে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ জেগে উঠেছে। ১০ দফা দাবি মেনে নিয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে না দিলে চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়া হবে। তখন আর পালাবার রাস্তাও খুঁজে পাবেনা।
দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন বিএনপির পদযাত্রায় আরও অংশ নেন জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, তাজরুল ইসলাম তাজুল, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কামরুল হাসান শাহীন ও দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ সহ অন্যান্য নেতা।
সিলাম ইউনিয়ন বিএনপির পদযাত্রায় সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী।
সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন বিএনপির পদযাত্রায় ছিলেন জেলা বিএনপি নেতা তারেক কালাম, আব্দুস শহীদ, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মার্শেদ, আব্দুর রহমান, আলতাফ হোসেন সুমন ও দেলোয়ার হোসেন দিনার।
বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির পদযাত্রায় অংশগ্রহণ করেন গোলাম রব্বানী, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, নজমুল আলম নজম, তোফায়েল আহমদ সোহেল, অর্জুন ঘোষ, মাহবুব আলম প্রমুখ।
সিলেট জেলার ১৩ উপজেলার ১০৮ ইউনিয়নে দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হয় বলে জেলা বিএনপি জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি