নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র) ১৫তম ইন্তেকালবার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সাওয়াব মাহফিলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী হিংসা-বিদ্বেষ হতে দূরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরির আহবান জানিয়েছেন।
উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে রবিবার অনুষ্ঠিত মাহফিলে দেওয়া বয়ানে তিনি এ আহবান জানান।
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র) একদিকে কুরআন-হাদিস শিক্ষা দিয়েছেন, অন্যদিকে নির্জনে আল্লাহর জিকিরে সময় কাটিয়েছেন। যারা সিলসিলার সঙ্গে সম্পৃক্ত তারা আপন মুরশিদের নির্দেশনায় মাঝে মধ্যে নির্জনবাসের চেষ্টা করবেন। হিযবুল বাহার ও দালাইলুল খাইরাত পড়বেন। সর্বোপরি সর্বাবস্থায় শরীয়তের অনুসরণ করবেন। জিকিরের ক্ষেত্রে তরিকার অনুসরণ করবেন। সিলসিলার নামে ভণ্ডামি করলে সিলসিলার ফয়েয থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি বলেন, ফুলতলী ছাহেব কিবলাহ (র) ইলমে কিরাতের ও হাদিস শরীফের সনদ দিয়েছেন। এগুলোর মাধ্যমে মদিনার সঙ্গে তাআল্লুক সৃষ্টি হয়েছে। যথাসম্ভব এসব সনদের হক আদায় করবেন।
উপস্থিত সকলকে নসিহত করে তিনি বলেন, মা-বাবার খেদমত করুন। তাদের দোয়া নিন। তারা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দোয়া করুন। হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরি করুন। বিপদ-আপদে সবাই রাসুলুল্লাহর (সা) উছিলা নিয়ে দোয়া করতে পারি।
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বলেন, যারা নেতৃত্বের আসনে বসেন জনমনে তাদের প্রতি শ্রদ্ধা থাকে। কিছু মানুষ বন্ধু সেজে আবার তাদের সুনাম নষ্ট করতে চায়। দেশের কর্তৃত্বে যারা আছেন আল্লাহ যেন তাদের ধোঁকাবাজ থেকে রক্ষা করেন।
লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিল সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের পূর্বেই জনতার ঢল নামতে শুরু করে। জোহরের নামাজের পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খতমে কুরআন, খতমে বুখারি, খতমে খাজেগান ও খতমে দালাইলুল খাইরাতের পাশাপাশি স্মৃতিচারণমূলক ও জীবনঘনিষ্ঠ আলোচনায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পুরো দিন অতিবাহিত হয়।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সায়্যিদ লখতে হাসানাইন, পাকিস্তানের প্রখ্যাত বুযুর্গ সাহেবজাদা গোলাম জিলানী, ভারতের উজানডিহির পীর ছাহেব হজরত মাওলানা সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী, সায়্যিদ জুনাইদ আহমদ আল মাদানী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ফার্সি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড কে এম সাইফুল ইসলাম খান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, নেছারাবাদের পীর ছাহেব মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, ভান্ডারিয়া কামিল মাদরাসা, রাজবাড়ীর অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো সিরাজুম মুনির ও ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম আবু বকর সিদ্দীক। এছাড়াও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি