সিলেট-১ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবজাতির কল্যাণে যিনি সময় দিয়েছেন তিনি সবচেয়ে পবিত্র কাজ করেছেন। বর্তমান বিশ্বে হিংসা, বিদ্বেষ ও উগ্রবাদের বিস্মৃতি প্রতিরোধ করতে শান্তির ললিত বাণী ছড়িয়ে দিতে হবে। একে অপরকে শ্রদ্ধা, দয়া ও ভালবাসার মধ্য দিয়েই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হতে পারে।
বৃহস্পতিবার, ১৪ মার্চ (৩০ ফাল্গুন) সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী উগ্রবাদীদের প্রতি মনমানসিকতা পরিবর্তনের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে। ইউরোপে রেঁনেসার অনেক আগেই বাঙালি কবিরা বলে গেছেন, ’সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ ধর্ম নয়, বর্ণ নয়, গোত্র নয়-মানবজাতিকে ঈশ্বরের বিশেষ উপহার হিসেবে দেখে সবার প্রতি সম্মানবোধ ও শ্রদ্ধাবোধ জানিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
উপাধ্যক্ষ (অব) সুষেন্দ্র কুমার পালে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আলোচক হিসেবে ছিলেন মদন মোহন সরকারি কলেজের উপাধ্যক্ষ সর্বাণী অর্জুন, শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড চন্দ্রানী নাগ ও এম সি কলেজের সহকারী অধ্যাপক মণিকা রাণী বণিক। জয়শ্রী দেব জয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন অ্যাডভোকেট সন্তু দাশ।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন, পূর্ণিমা রায়, প্রণতি ভট্টাচার্য্, সুমনা আজিজ, প্রভাতী দাস দুলু, মুন্না দত্ত, ডা শতাব্দী চৌধুরী, বৈজয়ন্তী ভট্টাচার্য, সুদীপ্তা পাল শিউলি ও অঞ্জনা দাস। সংবাদ বিজ্ঞপ্তি