জগন্নাথপুর প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুনামগঞ্জ জেলার হাওরে ৭২৭টি ফসলরক্ষা বাঁধের একটিও ভাঙেনি। কেবল তিনটি বাঁধে সামান্য ক্ষতি হয়েছে। সাংবাদিকরা অতিরঞ্জিত করে বলেন, হাওরে বাঁধের কাজ হয়নি। দুর্নীতি হয়েছে।
তিনি সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
তিনি জানান, হাওরের ফসল রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে এক হাজার ৫৪৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি নদী খনন সহ বেশ কিছু উদ্যোগ। আগামী বছর বন্যার আগে এর সুফল পাওয়া যাবে। নদী ও খাল খননের মাধ্যমে নাব্যতা বাড়লে বাঁধ উপচে পানি হাওরে ঢুকবে না।
তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষা পেয়েছে। গত ২০ দিন ধরে নদীর পানি বৃদ্ধি পেলেও মাত্র তিনটি জায়গায় বাঁধ ভেঙে কিছু ফসলের ক্ষতি হয়েছে।
প্রতিমন্ত্রী পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদেরকে হাওরে এসে পরিদর্শন-পর্যবেক্ষণ ও কৃষকদের সঙ্গে কথা বলে প্রকল্প তৈরির নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো শামসুদ্দোহা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।