সুনামগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, ‘ডেড লাইন’ দিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু ও শেষ করা সম্ভব নয়।
তিনি জানিয়েছেন, প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে বর্ধিত মেয়াদের কাজ শেষ করা যায়নি। তবে সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। শতভাগ শেষ হতে আর কতদিন লাগবে, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বুধবার, ১৫ মার্চ দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালি বাঁধ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে সব থেকে বেশি খাদ্য উৎপাদন হয় সুনামগঞ্জে। তাই হাওরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। এ জন্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পুরো বিশ্বে এখন যে অর্থনেতিক মন্দা যাচ্ছে তা থেকে বাংলাদেশও রেহাই পায়নি। তবৃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নতুন নতুন প্রকল্প গৃহীত হচ্ছে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা আক্তার খানম ও সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।