হাবিবুর রহমান হাবিব, শাল্লা : বাংলাদেশের ব্যতিক্রমী রাজনীতির এলাকা খ্যাত হাওরের জনপদ দিরাই-শাল্লায় এবার স্বাধীনতা ও মুক্তির প্রতীক ‘নৌকা’র হাল ধরার স্বপ্ন বুনেছেন একটি রাজনৈতিক পরিবারের সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তবে আল আমিন চৌধুরী নামেই তার পরিচিতি বেশি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুযোগ করে দিলেন স্বপ্ন পূরণের। এখন দেখার বিষয়, তিনি স্বপ্নপূরণে কতটা চমক দেখাতে পারেন।
বাম রাজনীতির উর্বর ভূমি ভাটি বাংলায় আওয়ামী লীগের ভিত্তি গড়ার অন্যতম কারিগর আব্দুল মান্নান চৌধুরীর যোগ্য উত্তরসূরী আল আমিন চৌধুরী শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান; কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে বিধি অনুযায়ী লাভজনক চেয়ারম্যান পদ থেকে আগেই পদত্যাগ করেন।
জাতীয় সংসদ নির্বাচনে দিরাই ও শাল্লা উপজলা নিয়ে গঠিত সুনামগঞ্জে-২ আসন ১৯৭০ সাল থেকেই খুব আলোচিত। তাই প্রতিটি নির্বাচনে সবার বিশেষ নজর থাকে এই নির্বাচনী এলাকার প্রতি। এবারও ছিল।
স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী দীর্ঘ সময় এ আসনের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত। এরপর প্রয়াত এই জননেতার সহধর্মিণী ড জয়া সেন গুপ্তা দিরাই-শাল্লায় ‘নৌকা’র হাল ধরেন। এবারও তার নাম আলোচনায় ছিল। নিজেও আগ্রহী ছিলেন। তাই অসুস্থতা নিয়েই তিনি মানুষের কাছে ছুটে গেছেন; কিন্তু শেষপর্যন্ত দল তাকে মনোনয়ন দেয়নি।
সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন আল আমিন চৌধুরী। এ খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে হয়ে উঠেন শাল্লাবাসী। উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় বের হয় আনন্দ মিছিল। সর্বস্তরের মানুষের ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগানে প্রতিটি পাড়া-মহল্লা মুখরিত হয়ে উঠে।