বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রার্থী হতে চান।
সোমবার, ১১ সেপ্টেম্বর দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন ।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন। আশা করছেন, দলীয় প্রধান শেখ হাসিনা তাকে মূল্যায়ন করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই। যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিবো। তবে মনোনয়ন না পেলেও নৌকাকে বিজয়ী করতে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও জ্যেষ্ঠ সাংবাদিক শাবান মিয়াসহ অন্যরা।