হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৫ অক্টোবর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার রাতে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে আছেন।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই অ্যাডভোকেট আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করতে সচেষ্ট ছিলেন। দিনরাত কাজ করেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায়। এছাড়া কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি সরকারি ও ব্যক্তিগত সহায়তা পৌঁছে দিচ্ছিলেন। সরকারি সকল কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।