হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ বলেছেন, আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। কারণ সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়; কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে বিধান উচ্চ আদালত বাতিল করে দিয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক বিধান চালু করতে চাইলে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।
শনিবার দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মোতালিবের সভাপতিত্বে ও ভরপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য ডা মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ ও জেলা সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।