হবিগঞ্জ প্রতিনিধি : নিজের নির্বাচনী এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন, নিজের ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং দুই দফায় সর্বোচ্চ সংখ্যক ২৭টি প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহিরকে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা পরিবার গণসংবর্ধনা দিয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গণে আয়োজিত এ বিশাল আয়োজনে সভাপতিত্ব করেন, আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ফেলো অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কথা সাহিত্যিক ও কলামিস্ট আলী ইদ্রিস।
প্রধান অতিথির বক্তৃতায় সংবর্ধিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংবর্ধিত ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। উপহার দেওয়া হয় সোনার নৌকা। এছাড়া স্কাউটসের সুসজ্জিত একটি দল গার্ড অব অনার দেয়।
ফেরদৌস আহমেদ ও প্রমথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কাজী কামাল উদ্দিন, শাবান মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আমিরুল ইসলাম আলম, জালাল উদ্দিন শাওন ও আসাদুজ্জামান।