বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরে বানিয়াচং সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় দখল করে সিএনজি অটোরিক্সা রেখে যানজট সৃষ্টি করায় জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেয়া হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।
অভিযানকালে একই রাস্তায় দোকানের মালামাল রেখে যানজট সৃষ্টি করায় দোকান মালিকদেরও জরিমানা করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেয়া হক জানান, দীর্ঘদিন ধরে শহরের বানিয়াচং অটোরিকশা স্ট্যান্ডের চালকরা যার যেমনি খুশি তেমনিভাবে রাস্তা দখল করে অটোরিকশাগুলো রাখছিলেন। এছাড়াও অনেক অটোচালক দোকানগুলোর সামনে অটোরিকশা এবং দোকান মালিকরা রাস্তায় মালামাল রেখে প্রায়ই যানজট সৃষ্টি করছিলেন। এই যানজটের কারণে অনেক সময় স্ট্যান্ড এলাকা দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে গিয়েও সমস্যায় পড়ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সিএনজি অটোরিকশার সঠিক কাগজপত্র ও চালকের ডাইভিং লাইন্সেস না থাকায় ৫টি অটোরিকশাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্ট্যান্ড এলাকার দোকানগুলোর সামনে রাস্তা দখল করে দোকান মালিকরা মালামাল রাখায় ৭ দোকান মালিককে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও জানান, যারা রাস্তা দখল করে অটোরিকশা ও মালামাল রেখে যানজট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।