হবিগঞ্জে যুবলীগের ৭ হাজার ৯০০ নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু

প্রকাশিত September 25, 2023
হবিগঞ্জে যুবলীগের ৭ হাজার ৯০০ নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা যুবলীগ জেলায় ৭ হাজার ৯০০ নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের উদ্যোগ নিয়েছে।
রবিবার, ২৪ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়।
পৌর টাউন হলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এমপি। সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, মো আব্দুর রউফ মাসুক, যুগ্মসাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, মো বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ মামুন ও মহিবুর রহমান মাহী।
হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০০ জন করে মোট ৭ হাজার ৯০০ সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী জানান, প্রথম ধাপে ২ হাজার সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ হাজার ৯০০ সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম চলছে।