নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জ সদর উপজেলায় বড়ভাই হত্যামামলার পলাতক আসামি ছোট তিন ভাইকে গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে সিলেটে র্যাব ৯ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।
র্যাব ৯ অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক সাংবাদিকদের হত্যকাণ্ড ও মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতারের বিবরণ দেন।
তিনি জানান, গত ৬ মে দুপুর আনুমানিক দেড়টায় পূর্ব শত্রুতাবশত হবিগঞ্জ সদর উপজেলার সুখচর গ্রামে শাহজাহান মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা ও অপর কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় সুনির্দিষ্ট ১৪ জন সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি দিয়ে ৮ মে নিহতের স্ত্রী বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিও উল্লেখ জানান, স্বজনদের হাতে শাহজাহান মিয়া নিহত হওয়ার চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব ৯ নিজস্ব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৯-এর একাধিক আভিযানিক দল শাহজাহান মিয়ার আপন ছোটভাই হত্যামামলার ১ নম্বর আসামি জয়নাল মিয়াকে (৩২, পিতা মৃত মরম আলী, গ্রাম সুখচর, সদর, হবিগঞ্জ) মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মগবাজার এলাকা থেকে এবং চাচাতো ছোটভাই ২ নম্বর আসামি বিলাল মিয়াকে (২৮, পিতা মৃত আব্দুল কুদ্দুছ, সুখচর, সদর, হবিগঞ্জ) একই সময় ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ও ৩ নম্বর আসামি আকছির মিয়াকে (৩২, পিতা মৃত আব্দুল কুদ্দুছ, সুখচর, সদর, হবিগঞ্জ) হবিগঞ্জের বাহুবল থানা এলাকা হতে রাত আড়াইটার দিকে গ্রেফতার করে।
তিনি উল্লেখ করেন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে হত্যামামলার আসামি, সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেফতার, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করছে।
অধিনায়ক জানান, হত্যাসহ সবধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রত্যেক সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।