বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মন্জুর হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর/৬ অগ্রহায়ণ) দুপুর ১টায় হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এই রিমান্ড মন্জুর করেছে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। তাতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হলে অনেকে আহত হয়।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মো নাছির উদ্দিন বাদি হয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জেল হাজতে প্রেরণ করা হয়।