হবিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের মাসব্যাপী বিনামূল্যের বাজার

প্রকাশিত August 1, 2023
হবিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের মাসব্যাপী বিনামূল্যের বাজার

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবারও অসহায় মানুষের জন্যে হবিগঞ্জ জেলা যুবলীগ মাসব্যাপী বিনামূল্যের বাজার বসিয়েছে।
এই বাজার থেকে অসহায় মানুষেরা বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় শাকসবজিসহ খাদ্যসামগ্রী নিতে পারবেন।
মঙ্গলবার, ১ আগস্ট দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় ব্যতিক্রমী এই কর্মসূচি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকাস্থ টিটু, জেলা যুবলীগ নেতা সফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক শিমুল পাল।
সরেজমিনে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নেতৃবৃন্দ বিনামূল্যে আলু, বেগুন, পেঁপে ও ডেঙ্গাসহ নানা প্রকার শাকসবজি অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন। এমন সহায়তা পেয়ে খুশি সবাই। উদ্যোক্তাদেরকে ধন্যবাদও জানালেন।
উদ্যোক্তা মহিবুর রহমান মাহি জানান, গত বছরও তিনি শোকের মাস আগস্টে অসহায় মানুষদের মধ্যে এভাবে বিনামূল্যে নিতপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন। পর্যায়ক্রমে শাকসবজির পাশাপাশি ডিমসহ অন্যান্য পুষ্টিকর খাবারও বিতরণ করবেন।