হবিগঞ্জে এক ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড || ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত August 24, 2023
হবিগঞ্জে এক ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড || ১০ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে এক ব্যবসায়ী হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো আজিজুল হক এ রায় ঘোষণা করেন।
এতে আসামিকে আরও ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত আলিম উল্ল্যাহর ছেলে আব্দুল ওয়াহিদ। রায় ঘোষণাকালে ৬০ বছর বয়সী আসামি আদালতে হাজির ছিলেন।
১৯৯৭ সালে কোরবানির ঈদে অংশীদারিত্বে চামড়া ব্যবসার উদ্দেশ্যে সুলতানশী গ্রামের যুবক আব্দুল হাই একই গ্রামের আব্দুল ওয়াহিদ ও তার ভাই আব্দুর রশিদকে ২ লাখ টাকা দেন। ব্যবসার শর্ত ছিল আব্দুল ওয়াহিদ ও আব্দুর রশিদ লভ্যাংশসহ আসল টাকা বিনিয়োগকারী আব্দুল হাইকে এক সঙ্গে ফেরত দিবেন; কিন্তু তারা টাকা ফেরৎ না দিয়ে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে একই বছরের ১ জুন আব্দুল হাই টাকা ফেরত চাইতে গেলে আব্দুল ওয়াহিদ ও আব্দুর রশিদ তাকে হত্যা করেন। এ ব্যাপারে নিহতের ভাই মো আব্দুল ছফি বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তবে অপর আসামি মামলা চলা অবস্থায় মারা যান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।