হবিগঞ্জে ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত ৩০ জন

প্রকাশিত May 12, 2025
হবিগঞ্জে ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত ৩০ জন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১২ মে/২৯ বৈশাখ) দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। এতে আহতদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সঙ্গে শহরতলির বড় বহুলা গ্রামের এক ব্যক্তির ঝগড়া হয়। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজন সহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. এম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনি সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।