বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন, শিল্প ক্ষেত্রে বিসিক সর্বদা উদ্যোক্তাদের সহায়তা করছে।
বিসিকের সফলতা মানেই বিসিক সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সফলতা। এ সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক শিল্পায়নের গুরুত্ব অপরিসীম বলে তিনি উল্লেখ করেছেন।
শনিবার, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইনের সম্মেলন কক্ষে বিসিক জেলা কার্যালয় আয়োজিত ‘ডিসেমিনেশন ওয়ার্কশপ অন আয়োডাইজড সল্ট অ্যাক্ট ২০২১’ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) অখিল রঞ্জন তরফদার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। ভিডিও উপস্থাপনার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিকের উপমহাব্যবস্থাপক (লবণ-সেল প্রধান) সরোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, বুদ্ধিমান নাগরিক তৈরি করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়োডিনের ঘাটতি পূরণে আয়োডিন যুক্ত লবন খাওয়া দরকার। সিলেট অঞ্চলে আয়োডিনের ঘাটতি সবচেয়ে কম মাত্র ৪.৫ %, যেখানে সারা বাংলাদেশে ২৪%। এ বছর বাংলাদেশে গত ৬৩ বছরের তুলনায় সবচেয়ে বেশি লবন উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে ১ লাখ ৩ হাজার মেট্রিক টন বেশি।
উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বিসিক চেয়ারম্যান বলেন, সিলেটে একটি নতুন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিল্পনগরী করার উদ্যোগ নিবে বিসিক। এছাড়া বিসিক জায়গা বরাদ্দ, প্রশিক্ষণ ও আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। ভবিষ্যতে এসব সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। এছাড়া শিল্পনগরীগুলোতে ১০% জমি নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে।
আলোচনা সভায় সিলেট অঞ্চলের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিবৃন্দ, বিসিক পরিষদের সদস্যরা ও উদ্যোক্তাগণ বিসিক শিল্প অঞ্চলগুলোর সীমানা প্রাচীর, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যাসহ বিভিন্ন চলমান সমস্যাবলী তুলে ধরে এসব সমাধানে কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। পিআইডি সিলেট