স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ : জেলা প্রশাসক

প্রকাশিত August 9, 2023
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুফল পেতে শুরু করেছেন সাধারণ মানুষ : জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। ইতোমধ্যে এর সুফলও পেতে শুরু করেছেন দেশের সাধারণ মানুষ। তবে দেশকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকারের সকল উন্নয়ন কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।
বুধবার, ৯ আগস্ট বিকেল ৫টায় পিটিআই মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন। এর ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ঘরে ঘরে পৌঁছে গেছে।
প্রধান অতিথি নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বিকল্প নেই বলে অভিমত প্রকাশ করেন এবং স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে সকলকে আহবান জানান।
পিটিআই সুপারিনটেনডেন্ট এ কে এম সাইফুল হাসানের সভাপতিত্বে সমাবেশে সূচনা বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সুপার দীপংকর মোহন্ত।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই অগ্রযাত্রায় সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিন নারী সমাবেশ সঞ্চালনা করেন। তথ্য বিবরণী