নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বেতার সিলেট আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারের ভুমিকা’ শীর্ষক সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা আগে বাংলাদেশ বেতারকে সবদিক দিয়ে স্মার্ট করে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তারা বলেছেন, গণসচেতনতা সৃষ্টিতে বেতারের ভূমিকা অনস্বীকার্য। ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার-এই দীর্ঘ পথযাত্রার ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। এই ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে বেতারের অনুষ্ঠান ও কারিগরী মানোন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সরাসরি ও বহিরাঙ্গন সম্প্রচারে গুরুত্ব দিতে হবে।
বক্তারা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বার্তা বিভাগকে ঢেলে সাজানো অতি জরুরি বলে অভিমত রাখেন।
তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ বেতারকে একটি ত্রি মাত্রিক মিডিয়ায় রূপান্তরের মাধ্যমে আরও গণমুখী গণমাধ্যম করার পক্ষে মতামত দেন।
শনিবার, ১১ মে (২৮ বৈশাখ) দুপুরে মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড ইলিয়াস উদ্দীন বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড তুলসী কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপ আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।
মূল প্রবন্ধে বলা হয়, স্মার্ট বাংলাদেশের দুটি স্তম্ভ স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে বাংলাদেশ বেতার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে সরাসরি ভূমিকা পালন করতে পারে। প্রান্তিক জনগণের কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ বেতার স্মার্ট বাংলাদেশের বিষয়টি জনগণকে অবহিত করণসহ জনসম্পৃক্ততা তৈরি করতে পারে।
বাংলাদেশে কৃষিউন্নয়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেতারের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে উল্লেখ করে প্রবন্ধে সুপারিশ করা হয়, স্মার্ট বাংলাদেশ গঠনেও বাংলাদেশ বেতারকে ভূমিকা পালন করার ক্ষেত্রে গবেষণা ও অনুষ্ঠান পুনর্বিন্যাসের ওপর জোর দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, ‘সরকারের ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা অনেক পথ এগিয়েছি। প্রত্যন্ত গ্রামের মানুষও এখন স্মার্ট ফোন ব্যবহার করছে-ইন্টারনেট সেবা পাচ্ছে। বাংলাদেশ বেতার এই সুযোগটি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বেতারের অনুষ্ঠানকে আরও প্রযুক্তি নির্ভর হতে হবে, যাতে সাধারণ মানুষ স্মার্ট ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে এই অনুষ্ঠান শুনতে পারে।’
সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বেতার অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বর্তমানে মোবাইল অ্যাপস, ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলেও প্রচার করা হচ্ছে।
তিনি জানান, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাংলাদেশ বেতার তার প্রযুক্তি নির্ভরতা আরও বৃদ্ধি করবে।
সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, লিয়াকত শাহ ফরিদী, আবু তালেব মুরাদ, চয়ন চৌধুরী, সুমনকুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ পরিচালক তপন কান্তি ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপ পরিচালক ফারুক আহমেদ, বাংলাদেশ বেতার, সিলেটের উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, নাট্য নির্দেশক অরিন্দম দত্ত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, শামীম আহমেদ, অনুষ্ঠান ঘোষক নন্দিতা দত্ত, রোহেনা সুলতানা ও জান্নাতুল নাজনীন আশা।