স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল কর্মশালা

প্রকাশিত August 17, 2021
স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল কর্মশালা

স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ে ইন-ডেপথ প্রতিবেদন প্রস্তুত করতে জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মিডিয়া ট্রেইনারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসির উদ্যোগে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার থেকে ঢাকার ওয়াইডব্লিউসিএ প্রশিক্ষণ কক্ষে ‘স্বাস্থ্য-সাংবাদিকতায় মূল ঘটনা যাচাই ও তথ্যের সত্যতা নিরূপণ কৌশল’ শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালার উদ্দেশ্য হলো, স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বস্তুনিষ্ঠ, অন্তর্দৃষ্টিসম্পন্ন ও প্রভাব বিস্তারকারী সংবাদ তৈরি ও প্রকাশ/ প্রচারে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি, নিরপেক্ষ এবং ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে তথ্য যাচাই-বাছাই ও উপস্থাপনে আধুনিক কলাকৌশল (ইনফোগ্রাফিক্স, উপাত্ত বিশ্লেষণ ও উপাত্ত দৃশ্যমান করা) বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জন এবং অনুশীলনে সাংবাদিকদের উৎসাহিত করা।
কর্মশালায় জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের মোট ২৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান কর্মশালায় সবাইকে স্বাগত জানান এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন।
তিন দিনের কর্মশালায় আলোচক হলেন, বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক আবু রুশ্দ মো রুহুল আমীন, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, দৈনিক কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ, চ্যানেল আইর সিনিয়র রিপোর্টার জান্নাতুল বাকেয়া কেকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র গ্রাফিক্স আর্টিস্ট মোহাম্মদ মাহবুব আলম।
বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা, যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো, বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্টের ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী ও চ্যাম্পিয়ন।-সংবাদ বিজ্ঞপ্তি