বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান ‘অবৈধ’ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। সিন্ডিকেট করে দেশে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা নেই; কিন্তু এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে।
তিনি আরও বলেছেন, সর্বক্ষেত্রে লাগামহীন দলীয়করণের ফলে যোগ্যতা সত্ত্বেও মেধাবী তরুণদের সরকার চাকরি দিচ্ছেনা। তাদের অপরাধ, তারা ফ্যাসিবাদকে সমর্থন করেনা। এই সরকারের কাছে জনগণের মৌলিক অধিকারই নেই। এভাবে একটি দেশ চলতে পারেনা। দেশের জনগণ এ ‘অবৈধ’ সরকারের পতন চায়।
বৃহস্পতিবার ৬ জুলাই বিকেলে আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারেনা। তাই এ ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেনা।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আরও বক্তব্য রাখেন বিএনপির মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহাব উদ্দিন, মামুনুর রশীদ, লিলু মিয়া, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, নুমান উদ্দিন মুরাদ, মুশিকুর রহমান মুহি, অ্যাডভোকেট আহমেদ রেজা, আব্দুল হাফিজ, জসীম উদ্দিন, এম মুজিবুর রহমান, আলী আকবর, জসিম উদ্দিন, ইসমাইল হোসেন সেলিম, নজরুল ইসলাম ও শিব্বির আহমেদ রনী। সংবাদ বিজ্ঞপ্তি