স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা

প্রকাশিত March 31, 2026
স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা

পঁচিশে মার্চ গণহত্যা দিবস এবং ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ/১৭ চৈত্র) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের এক অবিস্মরণীয় স্মারক।
তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ১৯৭১ সালের গণহত্যা ও স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, স্বাধীনতা অর্জন ছিল দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের ফল।
তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার ঘটনা স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে।
জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ।
এছাড়াও প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তথ্য বিবরণী/পিআইডি