নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তির বিজয় দিবসে জাতি নতুন করে শপথ নেবে। এবারের শপথ হবে অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অভীষ্ট লক্ষ্য অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা গড়ে তোলার। ষোলই ডিসেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা-উপজেলায় সর্বস্তরের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন।
সিলেটে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মহানগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়ামে। এতে অংশ নেবেন, স্টেডিয়ামপূর্ণ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সকল পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-এক কথায় সবাই। একইভাবে উপজেলা সদরগুলোতেও শপথগ্রহণ করা হবে।
বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা প্রশাসন শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে। এ লক্ষ্যে মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশের উপমহাপরিদর্শক মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিসভায় শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট সকলকে। সেই সঙ্গে গর্ব আর গৌরবের এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সিলেটবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।