সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। চলমান প্রতিবাদী আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি পেশ করা হয়।
সরকারি দায়িত্ব পালনে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান মহানগরীর বাইরে থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলা হয় : সিলেট মহানগরীতে সুরমা নদীর তীর ঘেঁষে অবস্থিত প্রায় শতবর্ষী শারদা স্মৃতি ভবন (প্রকাশিত সারদা হল) সিলেটে সংস্কৃতচর্চার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত; কিন্তু সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় আনুমানিক ২৫ বছর বন্ধ ছিল। নাট্য ও সংস্কৃতিকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সিলেট সিটি করপোরেশন সারদা হল সংস্কার করে। গত ২১ সেপ্টেম্বর বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে হলটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যে খুলে দেওয়ার কথা ছিল। এ উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়; কিন্তু অনুষ্ঠান শুরুর ১৫ মিনিট আগে একদল সন্ত্রাসী সেখানে অনুষ্ঠানের প্রস্তুতি তদারকি ও মহড়ারত নাট্য ও সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পীদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। এমন পরিস্থিতি দেখে শিশুশিল্পীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা এখনও এই ভয় কাটিয়ে উঠতে পারেনি।
আরও উল্লেখ করা হয়, এ ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে নাট্য ও সংস্কৃতিকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সময়ে মৌন মিছিল, প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে, সিসিটিভি ফুটেজ পেয়েও সিলেট মহানগর পুলিশ ঘটনার ৫ দিন পর মাত্র একজন হামলাকারীকে গ্রেফতার করেছে। এছাড়া আশা করা গিয়েছিল, মামলাটি দ্রুত বিচার আইনে গ্রহণ করা হবে; কিন্তু তা করা হয়নি। ফলে হামলাকারীরা সহজে পার পেয়ে যাওয়ার আশংকা রয়েছে।
হামলাকারীরা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। হামলার দিন সিলেট মহানগরীতে বিএনপির রোডমার্চ উপলক্ষে একটি সমাবেশ ছিল বলেও স্মারকলিপিতে স্পষ্ট করা হয়েছে।
স্মারকলিপিতে মামলাটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করার, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং সিলেটে বাঙালি সংস্কৃতিচর্চার বহমান ধারাকে সকল ধরনের প্রতিবন্ধকতা মুক্ত এবং নাট্য ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।