স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছে দেশের মানুষ : সিসিক মেয়র

প্রকাশিত January 8, 2024
স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছে দেশের মানুষ : সিসিক মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট সহ সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে।
সোমবার, ৮ জানুয়ারি (২৪ পৌষ) সিলেট বিভাগের ১৫টি আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীদের প্রতি এক অভিনন্দন বার্তায় তিনি আরও বলেছেন, জনগণের এই অংশগ্রহণ প্রমাণ করেছে , প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অধীনেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বিদেশী পর্যবেক্ষকরাও বলেছেন, অবাধ , সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বমানের উল্লেখ করে তারা নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন।
বিদেশী পর্যবেক্ষকরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অযৌক্তিক বলেও আখ্যায়িত করেছেন।
সিলেট বিভাগের বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে ড এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির, সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে ড মুহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।
মেয়র বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ‘নৌকা’কে বিজয়ী করায় টানা চতুর্থবার আওয়ামী লীগ সভাপতি জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, বিগত দিনের ন্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে।