সূচনা প্রকল্পের কার্যক্রম বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত হবে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত November 22, 2023
সূচনা প্রকল্পের কার্যক্রম বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত হবে : বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, সূচনা প্রকল্পের কার্যক্রম বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত হবে। সূচনার পরিসংখ্যান ও ডাটাবেজ রিপোর্ট ইউনিভার্সিটি অব সাসেক্স মূল্যায়ন করেছে, যা অত্যন্ত অর্থবহ। সূচনার এ অর্জিত জ্ঞান দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে।
বুধবার, ২২ নভেম্বর মহানগরীর একটি তারকা হোটেলে সেভ দ্য চিলড্রেন আয়োজিত ‘সূচনা প্রকল্প সমাপনী কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো আসিব আহসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা মো হারুন-অর-রশীদ। এছাড়াও সিলেট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
খর্বাকার শিশু জন্ম হওয়ার অন্যতম কারণ অপুষ্টিজনিত সমস্যা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, হাঙ্গার রিপোর্টে ব্যাপক উন্নতি সাধন করেছে বাংলাদেশ। এছাড়াও শিশুমৃত্যু হার কমানো, মাতৃত্বকালীন সেবা ও স্বাস্থ্য পুষ্টিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে।
সূচনা প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, এনজিওগুলো দেশের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে এ সংস্থাগুলো ক্ষুদ্রঋণ, লিঙ্গসমতা, নারী ও শিশু উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে। এরই অংশ হিসেবে সূচনা প্রকল্পের মাধ্যমে সিলেট ও মৌলভীবাজার জেলার ২০টি উপজেলায় এ পর্যন্ত প্রায় ২ লাখ ৩৫ হাজার পরিবারকে পুষ্টিসহায়তা প্রদান করেছে।
তিনি আরও বলেন, সূচনা প্রকল্পের কর্মপরিকল্পনায় মৎস্য, বিএডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও দপ্তর সহযোগিতা করে আসছে। সূচনা প্রকল্পের কর্মকৌশল ও ডাটাবেজকে কাজে লাগালে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে কর্ম সম্পাদনায় সহায়ক হবে।
ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নতির কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে নলেজ বেজড স্মার্ট বাংলাদেশ। অর্থনীতি পৌঁছে যাবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে। এসডিজি বাস্তবায়ন ও অর্থনীতির এ অগ্রগতি অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে হবে। সমাজের প্রান্তিক পর্যায়ে এ উন্নয়ন পৌঁছে দিতে পারলে দেশের সব জায়গায় সমানভাবে উন্নয়ন হবে, সমাজ ও দেশ এগিয়ে যাবে এক অনন্য মাত্রায়। পিআইডি সিলেট