সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে নিরাপদ মাতৃত্ব অপরিহার্য : দেবজিৎ সিংহ

প্রকাশিত June 4, 2022
সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে নিরাপদ মাতৃত্ব অপরিহার্য : দেবজিৎ সিংহ

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, জাতির উজ্জ্বল ভবিষ্যতের জন্যে সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করতে হবে। এজন্যে নিরাপদ মাতৃত্ব অপরিহার্য। তাই স্বাস্থ্যকেন্দ্রে প্রসবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত নিরাপদ মাতৃত্ব দিবস বিষয়ক বিভাগীয় এডভোকেসি সভার উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, অল্প বয়সে বিয়ে, গর্ভধারণ ও প্রসব নিরাপদ মাতৃত্বকে হুমকির মুখে ফেলে দেয়।
গর্ভকালীন সঠিক যত্নের অভাব, অতিরিক্ত শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপও নিরাপদ মাতৃত্বকে অনিরাপদ করে তুলে দেয়।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই এডভোকেসি সভায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো আনিসুজ্জামান শিকদার ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মো আবু ছিদ্দিকুর রহমান। পরিচালনা করেন, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।