খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো ইসমাঈল হোসেন বলেছেন, খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে একেকদিন একেকরকম খাবার খেলে শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়। তবে খাদ্যে পুষ্টিগুণ ধরে রাখার জন্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।
তিনি আরও বলেছেন, সুষম খাদ্যের পাশাপাশি খাদ্যের অপচয়রোধ এবং কৃষি ও মৎস্য খামারের দিকে নজর দিতে হবে।
বৃহস্পতিবার, ২২ডিসেম্বর সকালে সিলেটে ’আঞ্চলিক পর্যায়ে খাদ্য গ্রহণ নির্দেশিকা এবং পুষ্টিবার্তা প্রচার’ বিষয়ক কর্মশালা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ শাখা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএওর মিটিং দ্য আন্ডার নিউট্টিশন চ্যালেঞ্জ প্রকল্পের উদ্যোগে এ আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ শাখার মহাপরিচালক (অতিরিক্তি সচিব) মো শহীদুজ্জামান ফারুকী, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন ও এফএওর ন্যাশনাল গভর্নেস পলিসি অ্যাডভাইজার মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। সঞ্চালনায় ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (পূর্ব সতর্কীকরণ ও কৃষি টেকসই শাখা) মো মেহেদী হাসান সোহাগ।
প্রধান অতিথি সচিব মো ইসমাঈল হোসেন বলেন, বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য। তবে তা গ্রহণে সুষম হয় কিনা তা বিবেচনায় রাখতে হবে। যদিও খাদ্য উৎপাদনে বাংলাদেশ যেকোনো সময়ের চেয়ে এখন সুবিধাজনক অবস্থানে; কিন্তু খাদ্য উৎপাদনের এই ঊর্ধমুখী ধারা থেমে থাকার কোনো বিষয় নয়। এটি চলমান। শুধু পরিমাণগত উৎপাদনই নয়, এর পুষ্টিগত গুণাগুণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন ফল, শাকসবজি, মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন বহুগুণে বেড়েছে। এখন প্রয়োজন সুষম উপায়ে এগুলো গ্রহণ করা। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। কেবল সঠিক নিয়মে সুষম খাবার গ্রহণ করলে অনেক রোগবালাই থেকে সবাই মুক্ত হতে পারবো।
সচিব জানান, সরকারের উদ্দেশ্য তিনটি- খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দ্বারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য নিয়ে চর্চা করা ও জ্ঞান আহরণ করা। এজন্য বিভিন্ন সংস্থা কাজ করছে।