সুষঠু-সুন্দর নির্বাচন নিয়ে বাংলাদেশ ও আমেরিকার চাওয়ার মধ্যে ফাঁক নেই : পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত November 28, 2023
সুষঠু-সুন্দর নির্বাচন নিয়ে বাংলাদেশ ও আমেরিকার চাওয়ার মধ্যে ফাঁক নেই : পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগও চায় সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। তাই দু’দেশের চাওয়ার মধ্যে কোনো ফাঁক নেই।
তিনি আশা প্রকাশ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে আমেরিকা সহায়ক ভূমি পালন করবে।
পররাষ্ট্র মন্ত্রী সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির পর মঙ্গলবার, ২৮ নভেম্বর দুপুরে নিজের নির্বাচনী এলাকায় হজরত শাহজালাল (র) আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের বন্ধু দেশগুলো বিভিন্ন সময়ে আমাদেরকে উপদেশ-পরামর্শ দেয়। এগুলোর মধ্যে গ্রহণযোগ্য কিছু থাকলে আমরা সেটা গ্রহণ করি।’
তিনি আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের ছুটি কাটিয়ে ফিরে আসায় স্বাগত জানান।
ড এ কে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকার থাকলে দেশে শান্তি ও স্থিতিশীলতা থাকে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, চলমান উন্নয়ন অভিযাত্রার তিনি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে উন্নত-আলোকিত সিলেট গড়তে চান। সিলেটবাসী তাকে ভালবাসেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ পুনরায় মনোনয়ন দিয়েছেন।