এ এস কাঁকন, মৌলভীবাজার : বাংলাদেশ কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, কোন কর্মকর্তার অফিসে জনগণের টাকা খরচের ক্ষেত্রে কোন দুর্নীতি হচ্ছে কিনা, সেই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং দুর্নীতি করে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য-এককথায় সুশাসন প্রতিষ্ঠার জন্যই তথ্য অধিকার আইন আইন করা হয়েছে। এখন সেবা নিতে জনগণ আসবেনা, জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্পব্যয়ে সরকারি সেবা পৌঁছে দিতে হবে।
শুক্রবার মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন আয়োজিত ‘তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্যপ্রাপ্তি মানুষের অন্যতম অধিকার। বাংলাদেশে তথ্য অধিকার আইনে মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে; কিন্তু দেশের বেশিরভাগ মানুষই এ আইন সম্পর্কে জানে না আর জানলেও প্রয়োগ জানে না। অথচ সমালোচনা করে।
তিনি বলেন, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট তথ্য অবশ্যই প্রকাশ করতে হয়। জন্ম, মৃত্যু, গ্রেফতার, মুক্তি-এসব বিষয়ে কেউ কোনো তথ্য চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা ২৪ ঘণ্টার মধ্যে দিতে বাধ্য থাকবেন। তবে কোনো ফৌজদারি মামলা চলাকালে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া যাবে না। তথ্য চাওয়া যাবে না পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, এনএসআই, এসএসএফ, এনবিআর এই সংস্থাগুলোর কিছু বিষয়ে। জাতীয় নিরাপত্তার বিষয় এবং ব্যক্তির উদ্ভাবন সম্পর্কেও তথ্য চাওয়া যাবে না। অবশ্য প্রকাশিত কোনো প্রতিবেদন, প্রকাশনা, নিজস্ব কাজ বা বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে তথ্য চাওয়া যাবে।
মরতুজা আহমদ প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দেশের কোনো আইনই জনগণকে বিড়ম্বনার জন্য করা হয় না। সরকার জনগণের কল্যাণে আইন করে। তথ্য অধিকার আইনটি জনগণের দোরগোড়ায় না নিয়ে গেলে জনগণ এর সুফল বুঝবেনা। তথ্য অধিকার আইন সর্ম্পকে জনগণকে অবহিত করে তাদেরকে ক্ষমতায়নে সংশ্লিষ্ট করতে হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে আর শাহরিয়ার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খুদেজা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। এছাড়া রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
জনঅবহিতকরণ সভা শেষে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকসহ ৬০ জন অংশগ্রহণ করেন।