সুপারিশ করা ছাড়া মন্ত্রীদের আর কোন ক্ষমতা নেই : চুনারুঘাটে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত October 25, 2023
সুপারিশ করা ছাড়া মন্ত্রীদের আর কোন ক্ষমতা নেই : চুনারুঘাটে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে সুপারিশ ছাড়া কিছু হয়না।
এ প্রসঙ্গে নিজের মন্ত্রণালয়ের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘আমার অফিসে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত কাগজ যায় সুপারিশ করার জন্য। আমি সুপারিশ করে দেই। অন্য মন্ত্রীরাও করেন। সুপারিশ করা ছাড়া আমাদের আর কোন ক্ষমতা নেই। দেওয়ার মালিকতো ডিসি এসপিরা।’
বুধবার, ২৫ অক্টোবর বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাডাস কম্প্রিহেনসিভ ডিজিটাল হেলথ্ কেয়ারের অন্তর্ভুক্ত হাসিনা-বাবরু-ইব্রাহিম জেনারেল হাসপাতাল রুরাল হেলথ্ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর অজপাড়াগাঁ নয়। অর্থাৎ যেখানে কোন ভাল সুযোগ-সুবিধা নেই। বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ, ইন্টারনেট ও হাসপাতালসহ অধুনিক সব সুযোগ-সুবিধা পৌঁছে গেছে।
এম এ মান্নান বলেন, গত ১৫ বছরে দেশে আমূল পরিবর্তন হয়েছে। এখন মানসিক পরিবর্তন ঘটাতে হবে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বিএনপি দেশের ভাল চায়না। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মার্কিনীদের আনতে চায়। কথায় কথায় সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দেয়; কিন্তু গাড়ি বা হাটবাজার কোন কিছুই বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বারডেমের পরিচালক এ কে আজাদ, জেলা প্রশাসক দেবী চন্দ, সাবেক সচিব অশোক মাধব রায়, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।