বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরে কামারখালসহ ৫টি খালের উপর নির্মিত ভবনসহ সবধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
শনিবার, ১৫ জুলাই সকালে উচ্চ আদালতের নির্দেশে সুনামগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন পৌর মেয়র নাদের বখত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন। এছাড়া জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী অভিযানস্থল পরিদর্শন করেন।
অভিযানের শুরুতেই সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবুর পরিবারের অবৈধভাবে নির্মিত দোকানকোঠা উচ্ছেদ করা হয়।
এরপর অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে শহরের ঐতিহ্যবাহী কামারখাল উদ্ধারে কাজ চলছে।
অভিযানের প্রথমদিন বিপুল সংখ্যক পুলিশ ও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জানান, শহরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। ছোট ছোট নালা দিয়ে পানি নিষ্কাশনে এ সমস্যার সমাধান হচ্ছেনা। এ অবস্থায় বেলার পক্ষ থেকে উচ্চ আদালতে এ নিয়ে মামলা হলে পৌর মেয়র, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, শহরে পানি নিষ্কাশনের সকল খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।