সুনামগঞ্জ জগন্নাথপুর ও মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত October 30, 2021
সুনামগঞ্জ জগন্নাথপুর ও মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সদর মডেল থানার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান ও এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ ছিলেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাইদ ও মো জয়নাল আবেদীন, সদর উপজেলা বিট পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মজিদ ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশের প্রতিটি মানুষকে সোনার মানুষ হওয়ার আহবান জানান।
জগন্নাথপুর প্রতিনিধি : ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জগন্নাথপুর থানা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
থানার এসআই আব্দুস ছত্তারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাধবপুর প্রতিনিধি : ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে থানা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
পরে থানা মিলনায়তনে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ও থানার ওসি আব্দুর রাজ্জাক।