সুনামগঞ্জ প্রতিনিধি : করোনা ও বন্যার কারণে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সুনামগঞ্জের তেঘরিয়া এলাকায় মরমী কবি হাছন রাজা মিউজিয়াম আবার খুলেছে।
খোলার প্রথমদিন সোমবার বিকেলে হাছন রাজার ১৬৬ তম জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে হাছন রাজা মিউজিয়াম কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, হাছন রাজা মিউজিয়ামের চেয়ারম্যান সামারীন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে ড মাহফুজুর রহমান হাছন রাজার সৃষ্টি ও কর্মকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে হাছন রাজার ১৬৭তম জন্মদিন ব্যাপকভাবে পালনের ঘোষণা দেন।
এসময় এটিএন বাংলার প্রধান প্রযোজক জি এম তসলিম, হাছন রাজার প্রপৌত্র সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দেওয়ান গনিউল সালাদীন এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পংকজ দেসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে স্থানীয় শিল্পীর হাছন রাজার গান পরিবেশন করেন।