তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ-নেত্রকোনা মহাসড়কের মান্নানঘাট থেকে গুল্লা গ্রাম হয়ে ধর্মপাশার মধুপুর পর্যন্ত হাওর এলাকায় উড়াল সড়ক এবং দিরাই-শাল্লা দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর দেশ-বিদেশের পর্যটকরা সুনামগঞ্জে প্রবেশ করে উড়াল সড়ক দিয়ে নেত্রকোনা হয়ে সহজেই ঢাকা চলে যেতে পারবেন। ফলে হাওর কেন্দ্রিক ব্যবসা ও পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাড়বে পর্যটকের সংখ্যা। প্রসারিত হবে ব্যবসার দ্বার। এতে হাওরপারের মানুষের বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
‘শেখ হাসিনা উড়াল সড়ক’ নামের এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। সম্ভাব্য মেয়াদ ধরা হয়েছে ২০২৫ সাল পর্যন্ত। প্রকল্পটি এ মাসেই একনেকের সভায় অনুমোদনের জন্য তোলা হবে।
এই উড়াল সড়ক ছাড়াও হাওর এলাকাজুড়ে আরও ১০৭ কিলোমিটার নান্দনিক সড়ক নির্মাণ করা হবে। থাকবে ২৮ কিলোমিটার ডুবন্ত সড়কও। পানিসহনীয় সড়কটি বর্ষায় ডুবে থাকলেও শুষ্ক মৌসুমে যানবাহন চলাচল করতে পারবে। এতে সুনামগঞ্জের ধরমপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলা উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় আসবে।
এলজিইডির প্রধান প্রকৌশলী মো আব্দুর রশীদ খান জানান, সুনামগঞ্জ দেশের অন্যসব এলাকা থেকে আলাদা। তাই এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে হাওর অঞ্চলকে ব্যবসা ও পর্যটনের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, উড়াল সড়কের দুই পাশে ‘ইয়ুথ হোস্টেল’ করে দেওয়া হবে। গড়ে তোলা হবে টিনসেডের বাংলো টাইপের হোটেল। পরিষ্কার পানি এবং রান্নাবান্নারও ব্যবস্থা থাকবে।