সুনামগঞ্জে সেতুর দাবিতে অর্ধশতাধিক গ্রামের মানুষের মানববন্ধন

প্রকাশিত September 18, 2021
সুনামগঞ্জে সেতুর দাবিতে অর্ধশতাধিক গ্রামের মানুষের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘মুজিববর্ষের অঙ্গীকার সেতু হবে জনতার’-এ স্লোগান নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদী ও চলতি নদীতে সেতু নির্মাণের দাবিতে সুরমা নদীর উত্তরপারের অর্ধশতাধিক গ্রামের মানুষ মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে প্রথমে সদর উপজেলার সুরমা ইউনিয়নের রেবীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সবাই মিছিল সহকারে সুরমা নদীর তীরে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ ঐক্য পরিষদ এবং উত্তর সুরমা এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও আইনজীবী শামীম আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, সেলিম আহমেদ ও সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার মমিন মিয়া।
বক্তারা সুরমা ও চলতি নদীতে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।