বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীতে ও বিশ্বম্ভরপুর উপজেলায় সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীতে একটি প্রভাবশালী চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছে।
ফলে নদী তীরবর্তী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কুতুবপুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে গড়ে উঠা গুচ্ছগ্রাম, পুরান লক্ষণশ্রী ও টুকেরবাজার, লক্ষণশ্রী ইউনিয়নের জলিলপুর, শ্রীপুর ও হবতপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের খাইয়ারগাঁও, আদাং ও মণিপুরহাটি সহ প্রায় ৫০টি গ্রামের মানুষ অবৈধ ড্রেজারের শব্দে রাতে ঘুমোতে পারছেনা। শিক্ষার্থীদের লেখাপড়ায়ও ব্যাঘাত ঘটছে; কিন্তু প্রতিবাদ করার সাহস কারও নেই।
তবে শেষপর্যন্ত সাহস করে এগিয়ে এসেছেন কুতুবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক বশির আহমদ। এই অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য তিনি গত ২০ ও ২১ জানুয়ারি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানান।
এদিকে মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি (২৩ মাঘ) ভোরে গুচ্ছগ্রাম ও কুতুবপুর গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নারী-পুরুষ মিলে সুরমা নদীতে অবৈধ ড্রেজারের তিন শ্রমিককে আটক করেন। আটককৃতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কুচগাঁও গ্রামের হারিছ মিয়ার ছেলে শফিক মিয়া (৩২) ও মজিদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭) এবং আদাং গ্রামের আপ্তু মিয়ার ছেলে সুহেল মিয়া (১৮)। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে।
আটককৃতরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের নামও প্রকাশ করেছেন।
এ ব্যাপারে কুতুবপুর গ্রামের সমাজসেবক মো বশির আহমদ জানান, অবৈধভাবে ড্রেজার চালানোর ফলে তাদের বাড়িঘর এখন হুমকির মুখে। এগুলো দ্রুত বন্ধ করা না হলে ধর্মীয় স্থাপনাসহ সাধারণ মানুষের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশংঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো খালেদ চৌধুরী জানান, আটক তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ৯টি ড্রেজার আটক করেছে।