সুনামগঞ্জে সিলেট বিভাগীয় কমিশনার : গুজব রটনাকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহবান

প্রকাশিত November 15, 2023
সুনামগঞ্জে সিলেট বিভাগীয় কমিশনার : গুজব রটনাকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহবান

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী-এনডিসি বলেছেন, হিন্দু. মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান অর্থাৎ সকল ধর্মের মানুষ মিলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। পরম শান্তিতে আছিও সকলে মিলে। তাই বর্তমান সরকার সবার কল্যাণে কাজ করছে।
তিনি আরও বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এরপরও নানান গুজব রটাচ্ছে কিছু লোক। এই গুজব রটনাকারীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
বুধবার, ১৫ নভেম্বর সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সামাজিক অপরাধ প্রতিরোধ ও ধর্মীয় সম্প্রীতি সংক্রান্ত সভায় বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, গুজব রটিয়ে যারা সমাজে অস্থিরতা অথবা বিশৃ্ঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সিভিল সার্জন ডা আহাম্মদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, অ্যাডভোকেট আলী আমজাদ, নূরুল রব চৌধুরী সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও মাওলানা আলী নূর।