সুনামগঞ্জে সামাজিক ও সংস্কৃতিকর্মীদের পদযাত্রা ও সমাবেশ

প্রকাশিত October 12, 2020
সুনামগঞ্জে সামাজিক ও সংস্কৃতিকর্মীদের পদযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই’ স্লোগান নিয়ে ধর্ষকদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে জাতীয় পতাকা নিয়ে সুনামগঞ্জের সামাজিক ও সংস্কৃতিকর্মীরা পদযাত্রা ও সমাবেশ করেছেন।
শহরের ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও কর্মসূচিতে অংশ নেন।
সোমবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাট্যকর্মী সামিনা চৌধুরী মনি, বিধান চন্দ্র বণিক, ফারজিয়া হক ফারিন, সামির পল্লব, সাবেক ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য্য, নাহাত হাসান পলৌমী, মাকসুর রহমান দিপু ও এ আহসান রাজিব।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। নারী-শিশুরা ঘরে-বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র ভীতিকর অবস্থা বিরাজ করছে।