সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যাওয়া যাত্রীবাহী বিরতিহীন বাসে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে; কিন্তু বাসটির ভিতরে কাউকে আটক অবস্থায় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গেইটলক বাসটি সিলেট থেকে ২৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়; কিন্তু সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে তলিয়ে যায়। এসময় বাসের ৭ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হন।
অপর যাত্রীদের সন্ধানে সিলেট থেকে আসা ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালালেও বাসের ভেতরে কোন যাত্রী পায়নি।
খবর পেয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা ও পৌরসভার মেয়র নাদের বখত ঘটনাস্থলে ছুটে যান।