সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ || লাখো মানুষ পানিবন্দি || প্রস্তুত আশ্রয়কেন্দ্র

প্রকাশিত June 18, 2024
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ || লাখো মানুষ পানিবন্দি || প্রস্তুত আশ্রয়কেন্দ্র

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
এতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে ডেুবে গেছে জেলা সদরসহ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও শাল্লা উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২ লাখ মানুষ। অসহায় মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের সন্ধানে ছুটছে।
সুনামগঞ্জ পৌরসভার কাজির পয়েন্ট, ষোলঘর, পূর্ব নতুনপাড়া, পশ্চিম নতুনপাড়া, বড়পাড়া, মধ্যবাজার, পশ্চিমবাজার, তেঘরিয়া, হাছননগর ও কালীপুর এলাকার সব রাস্তা বন্যার পানিতে নিমজ্জিত। বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে।
জেলা শহরের সঙ্গে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে তলিয়ে গেছে ২০০ হেক্টর জমির আউশ ধান। জেলা মৎস্য কর্মকর্ত মো সামছুল করিম জানিয়েছেন জেলায় ২ হাজার ১০০ মৎস্য খামারির পুকুরের প্রায় ৫ কোটি টাকার পোণা মাছ ভেসে গেছে।
এদিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে খাশিয়ামারা নদীর বেরিবাঁধ ভেঙ্গে নোয়াপাড়া, রসরাই ও জিরারগাঁও এবং বগুলা ইউনিয়নে চেলাই নদীর বেরীবাঁধ ভেঙ্গে বগুলা, বাগাহানা, বাড়িছড়া, সোনাছড়া, ছেড়াকড়ি ও রামনগরসহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে পরিস্থিতি ২০২২ সালের বন্যার রূপ নিতে পারে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল জানিয়েছেন, সরকারের তরফ থেকে প্রচুর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ রয়েছে। আশ্রয়কেন্দ্রেগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক বলেছেন, সকল শ্রেণি-পেশার মানুষ মিলে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হবে।