বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বড়ধরনের বন্যার আশংকা আপাতত নেই।
রবিবার, ২ জুলাই দুপুর পর্যন্ত সুনামগঞ্জ শহরের ষোলঘর পযেন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৩২ মিলিমিটার। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জিতে এই সময়ে ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ছাতক পয়েন্টে বিকেল ৫ টায় সুরমা নদীর পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, তাহিরপুর বিশ্বম্ভরপুর ও শান্তিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
জেলা সদরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, নতুনপাড়া, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, ষোলঘর, হাজিপাড়া, জামতলা, সুলতানপুর, পাঠানবাড়ি ও নবীনগরসহ পৌর এলাকার অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।
জেলা শহরের সাথে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই ও শাল্লা উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঝারি বন্যার সৃষ্টি হতে পারে। তবে বড়ধরনের বন্যার কোন আশংকা আপাতত নেই।
এদিকে দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী নির্দেশনা দেন।