সুনামগঞ্জ প্রতিনিধি : গত ৫ দিনের টানা বর্ষণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলা শহরের বিভিন্ন এলাকায়ও নতুন করে পানি ঢুকেছে।
ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলায় কয়েক লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। এসব উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট, উকিলপাড়া, নতুনপাড়া, বড়পাড়া সাহেববাড়ি ঘাট, ষোলঘর, হাজিপাড়া ও জামতলা সহ অধিকাংশ এলাকার রাস্তায় পানি। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, শনিবার বিকেল থেকে সুনামগঞ্জ সরকারি কলেজে ও কুরবাননগর ইউনিয়নে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।