সুনামগঞ্জে ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের বরণ করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রকাশিত September 12, 2021
সুনামগঞ্জে ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের বরণ করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানে

সুনামগঞ্জ প্রতিনিধি : অপরূপ সাজে সজ্জিত ক্যাম্পাস। ফুল হাতে প্রধান ফটকে দাঁড়ানো শিক্ষক-শিক্ষিকা। অন্যদের হাতে সুরক্ষাসামগ্রী। সবার মুখে আনন্দের ছাপ। প্রায় দেড়বছর পর দেখা। অন্যরকম অনভূতির প্রকাশ। এ দিনটির জন্যে যে সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।
রবিবার সকাল ৯টায় সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের পরিবেশ ছিল এমন, যেমন ছিল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। আগে থেকেই শিক্ষক-শিক্ষিকারা এসে পৌঁছেন। আসেন কর্মকর্তা-কর্মচারীরা। এরপর অপেক্ষার পালা-প্রিয় শিক্ষার্থীরা কখন আসে। এক এক করে এলো সবাই। অতঃপর স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে সবাই সারিবদ্ধভাবে প্রিয় ক্যাম্পাসে ঢুকে আবেগ আপ্লুত হয়ে পড়ে। খুঁজে নেয় অনেকদিন ধরে না দেখা সহপাঠীকে। শ্রেণিকক্ষে পাঠগ্রহণের মজাটাইতো আলাদা। এতদিন পরে হলেও সেই মজাটুকু পাওয়ার আনন্দ যে আর ধরেনা।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাসহুদ চৌধুরী জানালেন, তারাও আনন্দিত। তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করার। অভিভাবকরা তাদেরকে সহযোগিতা করবেন-এমন প্রত্যাশাও রাখলেন।