সুনামগঞ্জে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের কঠোর নজরদারি

প্রকাশিত July 1, 2021
সুনামগঞ্জে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের কঠোর নজরদারি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যদের কঠোর নজরদারিতে লকডাউনের প্রথমদিন অতিবাহিত হয়েছে।
মহামারি করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের এই লকডাউন শুরু হয়েছে। দুপুর ১২টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো মিজানুর রহমানের নেতৃত্বে আইনশঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা শহরের মধ্যবাজার, পশ্চিম বাজার ও কাজির পয়েন্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় ২৮ বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে কর্নেল তছলিম এবং সেনাবাহিনীর অধিনায়ক লে কর্নেল মাহবুব হোসেনও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন জানান, সুনামগঞ্জবাসী লকডাউন পালন করছেন।
তিনি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করার আহবান জানান।
জেলা প্রশাসক জানান, এক সপ্তাহের লকডাউনে কেবল মাস্ক ব্যবহার করেই রিক্সায় চলাচল করা যাবে। তবে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না।
জেলা ও উপজেলা প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও নিম্নআয়ের মানুষদের মধ্যে দুয়েকদিনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ১১টি উপজেলায় এককোটি ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের হাতে প্রচুর পরিমাণ চাল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত রয়েছে বলেও তিনি আশস্ত করেন।