সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৬৮৩টি গৃহহীন-ভূমিহীন পরিবার

প্রকাশিত August 9, 2023
সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৬৮৩টি গৃহহীন-ভূমিহীন পরিবার

পলি রায়, সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জে আরও ৬৮৩টি গৃহহীন-ভূমিহীন পরিবারকে জমিসহ পাকাঘর উপহার দিচ্ছেন।
বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আজ বুধবার, ৯ আগস্ট তিনি রাজধানী থেকে ভিডিও কনফারেন্সে এই পরিবারগুলোর কাছে ঘরগুলো হস্তান্তর করবেন। এর মধ্য দিয়ে জেলার ধর্মপাশা ও শাল্লা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সাংবাদিকদরকে এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ২২ মার্চ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, সুনামগঞ্জে তালিকাভুক্ত ৮ হাজার ৪৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ইতোমধ্য ৭ হাজার ৩৪টি পরিবার ঘর পেয়ে গেছে।
এছাড়াও ৩৪৪টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন ব্যারাকে/গুচ্ছগ্রামে পুনর্বাসিত করা হয়েছে। এতে জেলায় মোট পুনর্বাসিত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬১। অবশিষ্ট ৩৮৫টি পরিবারের জন্যে ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ ও রেভিনিউ ডেপুটি কালেক্টর মো সাইফুল ইসলাম।