বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না করায় জেলা বিএনপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
১৭ ফেব্রুয়ারি দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দ এই ক্ষোভ প্রকাশের পাশাপাশি হাওর অঞ্চলের প্রধান সম্পদ বোরো ফসল যথাসময়ে ঘরে তোলা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
নেতৃবৃন্দ বলেন, চলতি বোরো মৌসুমে ৭৩৩টি প্রকল্পের মাধ্যমে ৫৯১ কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ সময়মতো সম্পন্ন করার জন্য ১২৫ কোট টাকা বরাদ্দ দিয়েছে সরকার। নীতিমালা অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরের ১৫ তারিখে বাঁধের কাজ শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্য শেষ করার কথা; কিন্তু বাস্তরে এখন পর্যন্ত ৫ ভাগ কাজও সম্পন্ন হয়নি।
বিধি অনুযায়ী গণশুনানির মাধ্যমে পিআইসি গঠনের কথা থাকলেও স্বজনপ্রীতি করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে কর্মকর্তাদের পছন্দের ও সরকার দলীয় লোকদের দিয়ে অধিকাংশ পিআইসি গঠন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
তারা বলেন, সকল বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে হাওরের ফসল নিয়ে কৃষকদের শংকা থেকেই যাবে।
পরিস্থিতির দায়ভার প্রশাসন ও পিআইসি সদস্যদের নিতে হবে বলেও নেতৃবৃন্দ হুশিয়ার করে দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল ও নাদীর আহমদ সহ অন্যরা।