সুনামগঞ্জে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে || হবে নদী খনন : আজিজুস সামাদ আজাদ

প্রকাশিত July 18, 2022
সুনামগঞ্জে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে || হবে নদী খনন : আজিজুস সামাদ আজাদ

সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এর মধ্যেও বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। কোন চক্রান্তই এ অগ্রযাত্রা আটকাতে পারবেনা।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল, সময়োপযোগী সিদ্ধান্ত ও দ্রুত টিকার ব্যবস্থা করাসহ বিভিন্ন উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়। একইভাবে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিও মোকাবেলা করা হয়েছে।
সুনামগঞ্জে বন্যা পরবর্তী করণীয় ও পুনর্বাসন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
সোমবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি অভিজাত পানসী রেস্টুরেন্ট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এপিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আহমদ, অ্যাডভোকেট শুক্কুর আলী, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে প্রমুখ।
আজিজুস সামাদ আজাদ ডন জানান, এখন বন্যা পরবর্তী পুনর্বাসন শুরু হয়েছে। খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। নদী খননের পদক্ষেপও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার বন্যার ছোঁবলে ভেঙ্গে যাওয়া বসতঘর, সড়ক, কালভার্ট, সেতু, বাঁধ ইত্যাদি মেরামতে যথাযথ কর্মসূচি হাতে নিয়েছে। ত্রাণের কোন অভাব নেই। আর্থিক যোগানও অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বন্যার্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
তিনি এই দূযোর্গকালীন সুনামগঞ্জের সংবাদকর্মীদের কল্যাণে কিছু করা যায় কি না তা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন।