বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবিতে সুনামগঞ্জ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেয়।
এর আগে শহরের কাজির পয়েন্টে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার ১২ উপজেলার ৮৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নিজাম উদ্দিন এতে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় সরকারের একেবারেই তৃণমূলের সংস্থা ইউনিয়ন পরিষদ, যা গ্রাম পর্যায়ে উন্নয়ন
ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে সব সময় সাম্যের ভিত্তিতে কাজ করে। তাই ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়ার চিন্তা বাদ দিয়ে তৃণমূলের জনগণের মাঝে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের দিয়ে কিভাবে সেবার মান আরো বাড়ানো যায় সেদিকে খেয়াল দিলে দেশ ও জনগণ প্রকৃত সুফল পাবে।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো আব্দুল
হাই, সুরমা ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো জগলুল হায়দার, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো নূরুল হক, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীদার খোকন, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও অন্যরা।